চুরির অভিযোগে ছাত্রের ওপর তিন মাদ্রাসা শিক্ষকের নির্যাতন
দিনাজপুরে একটি কওমি মাদ্রাসায় চুরির অভিযোগে নয় বছর বয়সী এক ছাত্রকে কয়েক ঘণ্টা ধরে পেটানোর অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে।
গত শুক্রবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারের নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আবু সাঈদ নামের শিশুটি জুমার পর থেকে আসর পর্যন্ত শিক্ষকদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সোমবার তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার বাবা হাসান আলী।
তিন শিক্ষক হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও মওলানা সরিফুল ইসলামকে ঘটনার পর থেকে আর ওই এলাকায় দেখা যায়নি।
শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন বিভাগ মিলিয়ে দেড়শর বেশি ছাত্র এ মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। সাঈদ পড়ে মাদ্রাসার হেফজ বিভাগে।
সাঈদ জানায়, এক ছাত্রের টাকা চুরির অভিযোগে শুক্রবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি ঘরে আটকে তার ওপর নির্যাতন চালায় ওই তিন শিক্ষক। মার খেয়ে তিন দফা সংজ্ঞা হারায় সে।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে বাবা-মা মাদ্রাসায় এসে সাঈদকে উদ্ধার করে নিয়ে যান।
মাদ্রাসার সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্যাতনের সঙ্গে জড়িতদের রেহাই দেওয়া হবে না।
“ঘটনা অস্বীকার করার কিছু নেই, নির্যাতিত ছেলেটিই ঘটনার প্রমাণ।”
মাজেদুর রহমান জানান, একজন ইউপি সদস্যকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাঈদের বাবা হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেটানোর কথা কাউকে না বলার জন্য তার ছেলেকে শাসিয়েছেন ওই তিন শিক্ষক।
তবে ছেলের ওপর নির্যাতনের এ ঘটনা নিয়ে থানায় যেতে চান না হাসান আলী।
তিনি বলেন, “বিচারের ভার আমি এলাকাবাসীর উপর ছেড়ে দিয়েছি।”
