গোপালগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলের জের ধরে গোপালগঞ্জে সাবেক এক সেনা সদস্যকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নে শশাবাড়িয়া গ্রামের এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
ওই গ্রামেরই বাসিন্দা নিহত লাক্কু মোল্লা (৬৩) অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। হামলায় গুরুতর আহত তার বড় ভাই মাক্কু মোল্লা পাইককান্দি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
ওসি জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লা এবং সাবেক ইউপি সদস্য খোকন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের সড়কে লাক্কুকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন মারাত্মকভাবে কোপায়।
পুলিশ হামলাকারীদের নাম জানাতে না পারলেও খোকনের নেতৃত্বেই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন মাক্কু।
মাক্কু সাংবাদিকদের জানান, সকালে খোকনের নেতৃত্বে লাক্কুর উপর হামলার সময় ঠেকাতে গেলে তারা তাকেও কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর লাক্কুর মৃত্যু হয়।
ঘণ্টাখানেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসিন্দা চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান ওসি জাকির।
তবে তিনি ওই চার নারীর পরিচয় জানাননি।
এই পুলিশ কর্মকর্তা জানান, মাক্কু ও খোকনের সমর্থকদের মধ্যে এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত বছর নভেম্বরেও মাক্কুর লোকজন খোকনের ভাই ফরিদ মোল্লাকে কুপিয়ে আহত করে।
এসব ঘটনায় কয়েকটি মামলায় মাক্কু ও খোকনকে আসামিও করা হয়েছে বলে জানান তিনি।
