হবিগঞ্জের রাজ্জাক ‘রাজাকার’ মৌলভীবাজারে গ্রেপ্তার
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার পরোয়ানাভুক্ত আসামি হবিগঞ্জের আব্দুর রাজ্জাককে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ মৌলভীবাজারের আথানগিরি পাহাড়ে অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করেন তারা।
“রাজ্জাক মঙ্গলবার অন্য কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল”, বলেন তিনি।
পরে বানিয়াচং থানায় এক প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, রাজ্জাককে (৬৩) বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।
রাজ্জাক ও তার দুই চাচাত ভাই রাজাকার বাহিনীর সদস্য হিসাবে একাত্তরে বানিয়াচং এলাকায় হত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত রোববার এ মামলায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তার দুই চাচাত ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে আগেই এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার এই তিন জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের চারটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ মে দিন রেখেছে।
এই তিন ভাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু করে প্রসিকিউশন। এবছর ২৮ এপ্রিল তা শেষ হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা।
গত ৩০ এপ্রিল আসামি বড় মিয়া-আঙ্গুর মিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। মামলার তদন্তে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
মহিবুর রহমান (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
তদন্ত প্রতিবেদনের প্রথম অভিযোগে বলা হয়, একাত্তর সালের ১১ নভেম্বর বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা আকল আলী ও রজব আলীকে হত্যা করে মরদেহ গুম করে ফেলে আসামিরা।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তারা পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক মেজর জেনারেল এম এ রবের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে।
তৃতীয় অভিযোগে বলা হয়, একই দিন বানিয়াচং উপজেলার খাগাউড়া এলাকার উত্তরপাড়ায় আসামিদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী মঞ্জব আলীর স্ত্রী ও আওলাদ ওরফে আল্লাত মিয়ার ছোট বোনকে ধর্ষণ করে। পরে আল্লাত মিয়ার বোন বিষপানে আত্মহত্যা করেন।
চতুর্থ অভিযোগে বলা হয়, একাত্তর সালের বাংলা ভাদ্র মাসের যে কোনো এক দিন আনছার আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতন চালায় আসামিরা। ওই নির্যাতনে পঙ্গু হন আনছার আলী।
২০০৯ সালে শহীদ মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বড় মিয়া, আঙ্গুর মিয়া ও রাজ্জাকসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে ২৫ কার্যদিবসের মধ্যে বানিয়াচং থানা পুলিশকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলেন। পরে মামলাটি আদালত থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয়।
