সিলেটে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
সিলেটের পাঁচটি সেতুতে ট্রাক পারাপারের টোল বৃদ্ধির প্রতিবাদে ট্রাক শ্রমিকদের ডাকা অবরোধ ও ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি সমাধানের আশ্বাসে রোববার সকালে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, ট্রাক মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে রোববার রাত থেকে সিলেটের শাহপরান সেতু, রিয়ার এডমিরাল এম এ খান সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, শেরপুর সেতু ও শেওলা সেতুতে বর্ধিত হারে টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
এর প্রতিবাদে শনিবার রাত থেকেই অবরোধের ডাক দেয় ট্রাক শ্রমিকরা।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া দিলু মিয়া জানান, রোববার সকাল থেকে সেতুগলোর আশেপাশের সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, নিয়ম মেনেই টোলের হার বাড়ানো হয়েছিল। ট্রাক মালিক ও শ্রমিকদের বিক্ষোভের মুখে আপাতত পুরনো হারেই টোল নেওয়া হচ্ছে।
দুপুরে ট্রাক মালিক ও শ্রমিক নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
এতে বর্ধিত হারে টোল আদায় বন্ধ ও বর্ধিত টোল প্রত্যাহারের দাবি জানানো হয়।
