যশোর কারাগারে বন্দি যুবকের ‘আত্মহত্যা’
যশোর কেন্দ্রীয় কারাগারে এক হাজতি আত্মহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট শাজাহান হোসেন জানান, মোহাম্মদ বাবু (২৭) নামে ওই বন্দি শুক্রবার সকালে আত্মহত্যা করেন।
যশোর শহরের খড়কী রেলগেট এলাকার আমিরউদ্দিনের ছেলে বাবু নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামি হিসেবে গত বুধবার (১৩ মে) থেকে কারাগারে ছিলেন।
শাজাহান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজতি বাবু কারাগারের ভেতরে সিঁড়ির রেলিংয়ে গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
কর্তব্যরত কারারক্ষীরা দেখে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের ওই ওয়ার্ডে দায়িত্বরত প্রধান কারারক্ষী ও রক্ষীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও কারা সুপার শাজাহান জানান।
