টঙ্গীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জান লিটন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীবাজারের নিয়ামত আলী মার্কেট এলাকার মুজিবুর রহমানের ছয় তলা ভবনের পঞ্চম তলায় ‘সর্স অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে।
“টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় কেউ আহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা জানাতে পারেননি।
