ছিটবাসী মুক্তিযোদ্ধার সন্তান থাকতে চান বাংলাদেশেই
বাংলাদেশের স্বাধীনতার জন্য বাবা যুদ্ধ করলেও জীবনের অনেকটা সময় সে দেশের ভেতরেই ছিটমহলে বন্দি জীবন কাটিয়েছেন বিপ্লব হোসেন।
ভারতীয় নাগরিক হিসেবে ৪৩ বছর কাটিয়ে এলেও দুই দেশের সীমান্ত সমস্যার অবসানের পর বাংলাদেশি হিসেবেই বাকি জীবনটা কাটাতে চান তিনি।
বাংলাদেশ-ভারতের ছিটমহল বিনিময়ের বাধা ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে কাটার পর সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলগুড়ি ইউনিয়নের ভেতরে এলংবাড়ি ছিটমহলে গিয়ে মেলে বিপ্লবের দেখা।
স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে ছোট গাড়লজোড়া-২ ছিটমহলে বিপ্লবের সংসার। এলংবাড়ি নামে পরিচিত এই ছিটমহলটি ভারতের কুচবিহারের দিনহাটা জেলার অধীনে।
ভারতের এই রকম ১১১টি ছিটমহল রয়েছে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের রয়েছে ৫১টি। সীমান্ত চুক্তি কার্যকর হলে ছিটমহলগুলো আর থাকবে না, এগুলো যে স্থানে রয়েছে, সেই দেশের সঙ্গে মিলে যাবে, বাসিন্দারা ইচ্ছামতো নাগরিকত্ব নিতে পারবেন।
এলংবাড়া ছিটমহল বাংলাদেশে মিশে গেলে বিপ্লব ভারতীয় নাগরিকত্ব চাইলে স্থানটি ছেড়ে ভারতে চলে যেতে হবে। আর বাংলাদেশি নাগরিকত্ব নিলে এখানেই থেকে যেতে পারবেন।
মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের সন্তান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আব্বা মুক্তিযোদ্ধা এ কারণেই আমি এখানে থাকতে চাই।”
তিনি জানান, একাত্তরের শুরুতে জন্মের পর বাবা তার নাম রেখেছিলেন বিপ্লব, যুদ্ধ শুরু হলে তাকে রেখে বাবা গিয়েছিলেন রণাঙ্গনে।
তবে মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলাদেশ সরকার যেসব সহযোগিতা দেয়, তা পান না বলে জানান তিনি। তবে তার সৎ মা নেন বলে শুনেছেন তিনি।
সংসার এখন কিভাবে চলে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাবার বিঘা খানেক জমি ছিল। ওই জমিটাই আবাদ করে কোনোরকমে চলি।”
এলংবাড়ি ছিটমহল
বিপ্লব এখন কোনো কাজ করতে পারেন না, এমনকি দাঁড়াতেও পারেন না। ঠিক কী কারণে এই শারীরিক সমস্যা হয়েছে, সেটাও তিনি সুনির্দিষ্টভাবে জানেন না।
একবার বলেন, “অশুভ বাতাস লাগার কারণে এই অবস্থা।” ‘অশুভ বাতাসের’ ব্যাখ্যা চাইলে তিনি বলেন, “বাতের বিষ থেকে এটা হইছে।”
বাবা নুরুজ্জামান মারা যাওয়ার পর এই সমস্যা দেখা গিয়েছিল জানিয়ে বিপ্লব বলেন, প্রথমে অল্প ছিল, পরে তা বাড়ে।
“তখন মা ছিল, তাকে বললাম, মা আমি বিবাহ করিব। মা আমাকে বিবাহ করিয়ে দেন। বিয়ের পর থেকে আমি একবারে চলতে পারি না, ঘরে পইড়া গেছি।”
কবে থেকে এই অসুস্থতা- জানতে চাইলে সুনির্দিষ্ট করে বলতে পারেননি, বিপ্লব বলেন, ২৫-৩০ বছর আগে হবে।
ভারতে গেলে অনেক ‘সুখের’ কথা অনেকে বললেও বিপ্লবের ভাষ্য- “আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার পরিবার চালানের জন্য আমাকে যদি বাংলাদেশ থেকে কিছু দেয়, তাহলে আমি ভারতে যাব না।”
“আর বাংলাদেশ থেকে কোনো সুবিধা না পেলে পেটের দায়ে আমি কী করব, সেটা আমি এখন বলতে পারি না,” অনিশ্চয়তায় জীবন পার করা বিপ্লবের ভবিষ্যত পরিকল্পনাও অনিশ্চয়তায় ভরা।
(এই প্রতিবেদনে ছবি তোলা ও ভিডিও ধারণ করেছেন আসাদুজ্জামান প্রামানিক)
