টেকনাফে ৩৯ পাচারকারীর বিরুদ্ধে মামলা
বঙ্গোপসাগরে থাই ট্রলারসহ ১১৬ মালয়েশিয়াগামী বাংলাদেশি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
এছাড়া উদ্ধার হওয়া যাত্রীদের বৃহস্পতিবার কক্সবাজার আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধূরী জানান, বুধবার রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. ফিরোজ আহমদ।
মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করা হয়।
টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, মানবপাচারের সঙ্গে সারাদেশে সক্রিয় সংঘবদ্ধ সদস্যরা জড়িত থাকায় মামলায় ৩৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে অসংখ্য।
কবির হোসেন আরও জানান, উদ্ধার ১১৬ যাত্রীকে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার বিকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ৫ কিলোমিটার উত্তরে ভাসমান অবস্থায় ১১৬ জন যাত্রীসহ থাইল্যান্ডের মালিকানাধীন একটি ট্রলার আটক করা হয়।
উদ্ধার হওয়া সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
