২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় কিশোর অপরাধী ১০ বছর দণ্ডিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্কুলছাত্র রফিকুল হাসান ইমন হত্যা মামলায় কিশোর অপরাধ আইনে এক তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

নারায়ণগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

একই মামলায় আরও চার আসামি প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার পৃথকভাবে চলছে, যা এখনও শেষ হয়নি।

বাদীপক্ষের আইনজীবী নবী হোসেন জানান, দণ্ডিত আল-আমিন বন্দর উপজেলার কামতাল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে এবং নিহত ইমনের চাচাত ভাই।

২০১৪ সালের ২৯ জানুয়ারি এ হত্যাকাণ্ডের সময় আসামির বয়স ১৮ বছরের নিচে (১৭ বছর চার মাস) ছিল।

প্রাপ্ত বয়স্ক চার আসামি হলেন সাঈদুল, জীবন, তোফাজ্জ্বল ও জামান।

একই আদালতে এ চারজনের বিচারের পরবর্তী দিন ১ জুন ধার্য করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট নবী হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে চাচাত ভাই আল-আমিন ও অপর আসামিরা ইমনকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

কিন্তু অপহরণের পর তাদের চিনে ফেলায় তারা ইমনকে হত্যা করে। এ ঘটনায় লাশ উদ্ধারের পর নিহতের মা ফেরদৌসী বেগম থানায় মামলা দায়ের করেন।

নিহত রফিকুল হাসান ইমন স্থানীয় একটি স্কুল পড়ালেখা করত। তার বাবা নূরু মিয়া মরিশাস প্রবাসী।