ঝরে পড়া শিশুদের শিক্ষা দিতে এগিয়ে এল ম্যারিকো
শিক্ষা বঞ্চিত ও ঝরে পড়া শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সুযোগ দিতে এগিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ম্যারিকো।
তাদের আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে জামালপুর জেলার বিভিন্ন এলাকায় তিন হাজার শিশুকে প্রাথমিক শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছে ঢাকা আহসানিয়া মিশন।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও আহসানিয়া মিশনের কর্মকর্তারা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক শিক্ষায় বেশি হারে পিছিয়ে থাকা জামালপুর জেলার কিছু এলাকায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে।
প্রকল্পের প্রধান সমন্বয়ক (টিম লিডার) শহীদুল ইসলাম বলেন, যেসব শিশু কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি বা স্কুলে ভর্তি হয়েও কোনো কারণে ঝরে পড়েছে তাদের সবাইকে শিক্ষা ব্যবস্থায় আনাই এই প্রকল্পের উদ্দেশ্য।
৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য সরকারের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মান অনুযায়ী তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে।
“বই-খাতা, কলম, ব্যাগসহ শিক্ষার যাবতীয় উপকরণ পাবে শিক্ষার্থীরা। এছাড়া ক্লাস নেওয়া হবে শিশুদের সুবিধাজনক সময়ে। এর ফলে এবার আর কোনো শিশু ঝরে পড়বে না, ” বলেন শহীদুল।
যৌথ প্রকল্পের কর্মকর্তারা জানান, ঢাকা আহসানিয়া মিশন দেশের ২৬টি জেলায় শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে। ম্যারিকো বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী মিশনের পক্ষ থেকে জামালপুর জেলায় নতুন করে ৭৫টি প্রাথমিক শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে।
নতুন এই প্রকল্পে একজন শিক্ষার্থী কোনো গ্রেডের পাঠ্যপুস্তক তথা সিলেবাস নির্ধারিত সময়ের আগে শেষ করতে পারলে নতুন গ্রেডে উন্নীত হবে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে মূলধারার স্কুলগুলোর যোগাযোগ, অভিভাবকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতে কাজ করা হবে।
আহসানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান বলেন, বিপুল সংখ্যক শিশু বিদ্যালয়ে ভর্তি হলেও তাদের অনেকেই ঝরে পড়ে। ঝরে পড়াদের পুনরায় স্কুলে নিয়ে আসতেই তাদের এই উদ্যোগ।
ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য সোম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আহসানিয়া মিশনের শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছেন তারা। দারিদ্র্য কিংবা অন্য কোনো কারণে যাতে কোনো শিশু শিক্ষার অধিকার বঞ্চিত না হয় সে লক্ষ্যই কাজ করছেন তারা।
