২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিংটোনে, ওয়েলকাম টিউনে জাতীয় সংগীত অবৈধ

মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহার অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 03:08 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

দেশের দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ও বাংলালিংকের করা আপিলের আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই রায় দেয়। 

এই রায়ের ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধই থাকল।

হাই কোর্টের রায়ে গ্রামীণফোনকে লিভার ফাউন্ডেশনে এবং বাংলালিংককে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি রিসার্চে ‘দাতব্য অনুদান’ হিসাবে  ৫০ লাখ টাকা দিতে বলা হয়েছিল।

আপিল বিভাগের রায়ে ওই অর্থের পরিমাণ কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে।

২০০৬ সালে জাতীয় সংগীতকে রিংটোন, ওয়েলকাম টিউন ব্যবহারের বিরুদ্ধে কালিপদ মৃধা হাই কোর্টে এই রিট আবেদন করেন।

তার যুক্তি ছিল, সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক সংরক্ষণের কথা বলা আছে। এ ছাড়া ১৯৭৮ সালের জাতীয় সংগীত বিধানে ২০টি ক্ষেত্রে জাতীয় সংগীত পরিবেশনের কথা বলা হয়েছে। কিন্তু মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার সংবিধান ও আইনের পরিপন্থি।

তার আবেদনের উপর শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের হাই কোর্ট বেঞ্চ ২০১০ সালের ৫ অগাস্ট মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার অবৈধ ও বেআইনি ঘোষণা করে।

ওই রিট আবেদনে গ্রামীণফোন ও বাংলালিংকের পাশাপাশি মোবাইল অপারেটর রবিও বিবাদী হিসেবে ছিল। তাদেরও ৫০ লাখ টাকা দাতব্য অনুদান দিতে বলা হয়েছিল।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ জানান, হাই কোর্টের শুনানিতে মোবাইল কোম্পানিগুলোর পক্ষে কোনো আইনজীবী না আসায় বিচারক ওই দাতব্য অনুদান দেওয়ার নির্দেশনা দেয়।

গ্রামীণ ফোন ও বাংলালিংক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করলেও সোমবার সর্বোচ্চ আদালত তার নিষ্পত্তি করে দেয়।

গ্রামীণ ফোনের পক্ষে শাহ মো. ইজাজ রহমান ও বাংলালিংকের পক্ষে মো. আসাদুজ্জামান আপিল বিভাগে শুনানিতে ছিলেন।