চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন তাজউদ্দিন মাসুদ (২৫), তার স্ত্রী স্বপ্না বেগম (২০) ও আত্মীয় শাহনাজ বেগম (২৪)।
গ্রেপ্তার তাজউদ্দিন ফেনীর জামালউদ্দিনের ছেলে। শাহনাজ খুলনা জেলার বাসিন্দা আবদুস শহীদের মেয়ে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ১০টি জাল নোটসহ তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
“এরপর তাজউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসিক এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে এক হাজার টাকার আরও ৭০টি নোট জব্দ করা হয়।”
ওই বাসা থেকে তাজউদ্দিনের স্ত্রী স্বপ্না ও আত্নীয় শাহনাজকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় এ বিশেষ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতিসহ বিভিন্ন মামলায় এসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
