চট্টগ্রামে দুই শিবির নেতা আটক
জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে ফের আটক হলেন ছাত্র শিবিরের দুই নেতা।
শুক্রবার সকালে জেলা গোয়েন্দা ও হাটহাজারী থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কুতুব উদ্দিন শিবলী ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার ছাত্র কল্যাণ সম্পাদক সাদ-উর-রশিদ।
তাদের মধ্যে কুতুব উদ্দিনকে হাটহাজারী থানা পুলিশ ও সাদ-উর-রশিদকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে।
চট্টগ্রাম জেলার পুলিশের সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) রবিউল ইসলাম ও হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন তাদের আটকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম জজ কোর্ট থেকে জামিন নিয়ে সকালে কুতুব উদ্দিন শিবলী, সাদ-উর-রশিদ ও উত্তর জেলা জামায়াত ইসলমীর নেতা আনোয়ার সিদ্দিকী ছাড়া পান।
তাদের মধ্যে কুতুব উদ্দিনের বিরুদ্ধে তিনটি, সাদ-উর রশিদের বিরুদ্ধে ২১টি এবং আনোয়ারের বিরুদ্ধে একটি মামলা ছিল।
মামলাগুলোর জামিনের কাগজপত্র বৃহস্পতিবার বিকালে কারাগারে পৌঁছানোর পর যাচাই বছাই শেষে শুক্রবার সকালে তাদের কারাগার থেকে ছাড়া হয় বলে জানান ডেপুটি জেলার মনির।
এর আগে গত বছরের ১০ নভেম্বর ছাড়া পাওয়ার পর সাতকানিয়া থানার বিষ্ফোরক ও নাশকতা আইনের দুটি মামলায় কুতুব উদ্দিন শিবলীকে গ্রেপ্তার করেছিল সাতকানিয়া থানা পুলিশ।
এছাড়া গত বছরের ৫ নভেম্বর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন এলাকায় ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টাকালে সাদ-উর-রশিদসহ পাঁচ জন গ্রেপ্তার হন।
