২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রশিক্ষণের ভিডিও হল নির্যাতন দৃশ্য

সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণের একটি ভিডিওকে ‘নির্যাতনের ভিডিও’ বলে ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 07:20 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

পুরনো খবর:

ভুয়া বিবৃতি দাতা উপদেষ্টাদের বাদ দিল বিএনপি

বিএনপির সাবেক বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জাহিদ এফ সরদার তার ফেইসবুক পেইজে সম্প্রতি একটি ভিডিওচিত্র শেয়ার করেন।

ভিডিওচিত্রের ক্যাপশনে তিনি লিখেছেন, “দেশপ্রেমিক সেনাবাহীনির নির্যাতনের চিত্র দেখুন। আওয়ামী সরকারের বিরোধিতা করায় এভাবে নির্যাতনের শিকার হতে হয় বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে। তাহলে সাধারণ জনগণের অবস্থা কি হবে একটু ভাবুন।”

ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, সামরিক পোশাকের একদল সেনা সদস্যের হাত ও পা পিছমোড়া করে বেঁধে একটি মাঠে ফেলে রাখা হয়েছে। তাদের মুখে কিছু একটা গুঁজে দেওয়া হয়েছে, তাদের তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে। কয়েকজন সেনাসদস্যকে দাঁড়িয়েও থাকতে দেখা যায়। 

এক মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওচিত্রটির একটি স্থানে কোন একজন সেনা সদস্যকে বলতে শোনা যায়, “হ্যা, খুলেন খুলেন।”      

শেষের দিকে একজন সেনা সদস্য বলছিলেন, “কাটিয়েন না, কাটিয়েন না, কাটলে বেশি ব্যথা লাগবে।”

জাহিদ এফ সরদারের শেয়ার করা ভিডিওটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখেছেন দুই লাখ ছয় হাজার ২১৮ জন। এতে লাইক পড়েছে ২০ হাজার ৫১৮টি।

একই ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করে ব্লগার অমি রহমান পিয়াল লিখেছেন, “এটি বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ট্রেইনিংয়ের একটি দৃশ্য। কিন্তু এই ড্রিল ভিডিওটাকে অনেকে সেনাসদস্যদের উপর নির্যাতনের ভিডিও বলে চালাচ্ছেন, যেটা মিথ্যা এবং অত্যন্ত দুঃখজনক।”

“যারা এ ব্যাপারে বিভ্রান্ত, কোনো সেনাসদস্যের সঙ্গে যোগাযোগ করলেই নিশ্চিত হবেন, শুধু শুধু মিথ্যার ফাঁদে পা দেবেন না। সেনাবাহিনী আমাদের অত্যন্ত গর্বের অংশীদার, তাদের ভুল বুঝবেন না।”

এই ভিডিওচিত্রকে প্রশিক্ষণের দৃশ্য বলে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

হাসান ইমাম খান নামে একজন ফেইসবুক ব্যবহারকারী এ বিষয়ে লিখেছেন, এসব ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য সরকারের একটি বিশেষ সেল দরকার।

আহমেদ ফাহাদ সেলিম নামে আরেকজন লিখেছেন, “আমার অবসরপ্রাপ্ত কর্নেল বাবাকে দেখালাম যিনি কমান্ডো কোর্স করেছিলেন। আব্বু হাসতে হাসতে আমাকে বললেন- কেন এদের ছাগু বলিস এখন বুঝলাম।”

অবশ্য এ বিষয়ে কিছু জানাতে পারেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

পরিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা জানি না, কেউ এ বিষয়ে কিছু জানায়নি।”

ভিডিওটি শেয়ার করা জাহিদ এফ সর্দার এর আগে যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্যের নামে ভুয়া বিবৃতি পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন।

আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ডা. মজিবর রহমান মজুমদারের সঙ্গে মিলে তিনি ওই ভুয়া বিবৃতি পাঠিয়েছিলেন, যাতে গত জানুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তার ছেলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানানোর কথা বলা হয়েছিল। 

বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক দুটি অনলাইন সংবাদ পোর্টালে মার্কিন কংগ্রেস সদস্যদের নামে ওই বিবৃতির খবর প্রকাশ হলে বিবৃতি পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য।

এরপর জাহিদ এফ সর্দার সাদী ও  মজিবর রহমান মজুমদারকে বিএনপির বৈদেশিক দূত ও বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ১৩ জানুয়ারি নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে তাদের দল থেকে বাদ দেওয়ার কথা জানান।