২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নেকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

চট্টগ্রামে এক শিশুকে ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগে তার মামাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বোনের বাসাতেই থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সদর থেকে চার বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।  

এর আগে বিকালে শিশুটির মামা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র খোরশেদ আলমকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

তার দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির সন্ধান পাওয়া যায় বলে ওসি মহসিন জানিয়েছেন।

খোরশেদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। ভগ্নিপতি বিদেশে থাকায় তিনি চট্টগ্রাম নগরীতে বোনের বাসায় থাকতেন।

ওসি বলেন, “বিলাসী জীবন যাপনের জন্য টাকার লোভে দুই বন্ধুকে নিয়ে অপহরণ নাটক সাজিয়েছিল বলে খোরশেদ স্বীকার করেছে।”

গত সোমবার বাকলিয়া আব্দুল লতিফ হাটখোলা ব্যাংক কলোনির সামনে থেকে শিশুটিকে অপহরণের পর থানায় অভিযোগ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বলে শিশুটির মা পুলিশকে জানায়।

সোমবার ভাগ্নেকে নিয়ে খোরশেদ দোকানে গিয়েছিলেন। তিনি পরে বাইরে থেকে বোনকে টেলিফোনে জানান, গলি থেকে তিনি শিশুটিকে বাসায় পাঠিয়ে দিয়েছেন।

কিন্তু শিশুটি ঘরে না আসায় উৎকণ্ঠা দেখা দেয় মায়ের। তখন তার সন্ধানে খোরশেদও এলাকায় মাইকিং করেছিল।

তবে অভিযোগ পাওয়ার পর তদন্তের একপর্যায়ে খোরশেদকে সন্দেহ হলে মঙ্গলবার তাকে থানায় ডেকে আনে পুলিশ।

এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে ফটিকছড়ি থানার পাশে একটি ঘরে শিশুটিকে পাওয়া যায়। তবে তখন ওই ঘরে আর কেউ ছিল না বলে ওসি মহসিন জানান।

খোরশেদ দাবি করেছেন, তার দুই বন্ধু পোর্ট সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী এবং সাতকানিয়া ছমদর পাড়ার এক বাসিন্দা তাকে এই কাজে সহায়তা করেন।

তাদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।