২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কাউন্সিলর প্রার্থীকে ‘হত্যার পরিকল্পনা’, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার দুই কাউন্সিলর প্রার্থীকে হত্যা পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

এরা হলেন- মো. এমদাদ হোসেন (৩৬), দেলোয়ার হোসেন (২৪), চাঁন মিয়া (৪৫), সাগর হোসেন (২৪) ও আলামিন (২৩)।

বুধবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।   

“নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় অবৈধ অস্ত্রের কদর ও দাম দুটোই বেড়েছে। গ্রেপ্তার সন্ত্রাসীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, দুই কাউন্সিলর প্রার্থীকে হত্যার টার্গেট ছিল তাদের।”

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার সাগর হোসেন ওরফে জুলহাস ওরফে সিফাত ওরফে দিপু পুরান ঢাকায় ‘ডাকাত সাগর’ নামে পরিচিত।

“পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদকে অনুসরণ করে সাগরও নিজের নামের আগে ‘ডাকাত’ ব্যবহার করত”, বলেন মনিরুল।

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্রের কারবারসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। বুধবার ভোরে ‘ঘনিষ্ঠ সহযোগী’ আলামিনসহ যাত্রাবাড়ী থেকে সাগরকে গ্রেপ্তার করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

মনিরুল জানান, বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয় আগের দিন কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে সাগরের কাছে ‘অবৈধ অস্ত্র বিক্রি করতে’ এসেছিলেন।

“তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজ সাগর ও আলামিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।”

যুগ্ম কমিশনার মনিরুল বলেন, “তাদের হত্যা পরিকল্পনায় কাদের নাম ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। আর কারা তাদের সঙ্গে জড়িত, সে বিষয়ে পাওয়া তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে।”

ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানান মনিরুল।