২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি ভঙ্গে চট্টগ্রামে ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আট কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

এছাড়া গাড়িতে সরকারদলীয় মেয়রপ্রার্থীর পোস্টার সাঁটানোর দায়ে এক সাংসদের ছেলের গাড়ি চালককে জরিমানা করা হয়েছে।

রোববার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নগরীর বিভিন্ন স্থানে আট কাউন্সিলর প্রার্থীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

প্রচারে সিএনজি অটোরিকশায় মাইকিং করায় ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মহসিনকে তিন হাজার টাকা, গাড়িতে পোষ্টার লাগিয়ে প্রচার করায় ৭ নম্বরের মোবারক আলীকে তিন হাজার, সংরক্ষিত-৩ আসনের মেসমিন আক্তার জেসিকে ট্রাক নিয়ে প্রচারণার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের রফিউল হায়দারকে মাইক্রোতে পোস্টার লাগানোর অপরাধে পাঁচ হাজার টাকা, ১৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ তৈয়বকে মাইক্রোবাসসহ প্রচারণার অভিযোগে পাঁচ হাজার টাকা, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী এস এম ইকবাল হোসেনকে মাইক্রোসহ প্রচারণা করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ পরিচালিত আদালত এসব জরিমানা করা ছাড়াও সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মাইক জব্দ করে।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী এরশাদ মাহমুদ ও একই ওয়ার্ডের মো. জহিরুল আলম জসিম ক্যাম্পে আপ্যায়ণের অভিযোগে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সন্ধ্যায় সরকারদলীয় সাংসদ এম লতিফের ছেলের ব্যবহার করা গাড়ির চালককে তিন হাজার টাকা জরিমানা করেন।

তবে ওইসময় গাড়িতে সাংসদপুত্র ছিলেন কি না এ বিষয়ে জানাতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার এস এম শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে প্রচারণার সময় ব্যক্তিগত গাড়িতে হাতি মার্কার পোস্টার লাগানো থাকায় এ জরিমানা করা হয়েছে।