২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে বল প্রয়োগ হলে দ্বিগুণ জবাব: সিইসি

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ বল প্রয়োগ করলে ‘দ্বিগুণ বল প্রয়োগে’ তা প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

নির্বাচন সামনে রেখে রোববার আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

বৈঠক শেষে তিনি সাংবদিকদের বলেন, “ভোটকেন্দ্রে কোনো অহেতুক ঘটনা যাতে না ঘটে সতর্ক থাকতে হবে। কেউ যদি ভোটকেন্দ্রে বল প্রয়োগ করে, তখন দ্বিগুণ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করার নির্দেশ দিয়েছি।”

সিইসি জানান, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের যথাসময়ে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোথায়, কখন, কীভাবে তাদের মোতায়েন করা হবে; কতজন সদস্য লাগবে- তা সংশ্লিষ্টরা পর্যালোচনা করে জানাবে।

“আজকের বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর মতামত পেয়েছি। ভোটপূর্ব পরিস্থিতি ভালো রয়েছে। সতর্কতার সঙ্গে সব বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। সেনা মোতায়েন করা হবে কি হবে না- সে বিষয়ে দুই একদিনের মধ্যে কমিশনে সিদ্ধান্ত হবে”, বলেন কাজী রকিব।

শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক চলে। চার নির্বাচন কমিশনার, কমিশন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি,  প্রশাসন, গোয়েন্দাসংস্থা,ও রিটার্নিং কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা এ সভায় অংশ নেন।

সিইসি পরে সাংবাদিকদের বলেন, “তিন সিটি নির্বাচন খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে।”

‘পরিস্থিতি ভালো, প্রয়োজন হলে সেনা’

সিইসি জানান, ভোটের আগে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘ভাল’ রয়েছে বলে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা বৈঠকে জানিয়েছেন।

“তাদের বক্তব্য শুনলাম। সবাই বলছে, নির্বাচনপূর্ব পরিস্থিতি ভালো রয়েছে। ভোটের সময় কী ব্যবস্থা নেওয়া হবে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করছি। কোথায় কতজন লোক লাগবে, কেন্দ্রে কয়জন থাকবে- তা পর্যালোচনা হবে।”

২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সেনা মোতায়েনের দাবি এসেছে বিএনপিসহ বিভিন্ন পক্ষ থেকে।

শনিবার চট্টগ্রামে সুশাসনের জন্য নাগরিক- সুজনের এক সংবাদ সম্মেলনেও নির্বাচনের কয়েকদিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে কাজী রকিব বলেন, “সেনা মোতায়েন করা হবে কিনা সে সিদ্ধান্ত কমিশন নেবে। প্রয়োজন হলে পরে তাদের নিয়োগ করা হবে।”

কয়েকদিনের মধ্যে কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে উল্লেখ করে তিনি বলেন, “সেনাবাহিনী সাধারণত মোতায়েন করা হয় কয়েকদিন আগে। এখনও পর্যাপ্ত সময় রয়েছে। কাল-পরশু বা তার পরের দিন; এর মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে।”

কমিশন ‘বুঝেশুনেই ডাক দেবে’ বলেও মন্তব্য করেন সিইসি।

‘ঝড়ের আগে থমথমে অবস্থা’

পরিস্থিতি এখন ‘ভালো’ বললেও নির্বাচন নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন কাজী রকিব।

“বাহিনীর সদস্যরা জানিয়েছে, এ পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা বলেছি- সতর্ক থাকুন; এ পরিস্থিতি ঝড়ের আগের থমথমে অবস্থা। আমরা কোনো চান্স দেব না।”

‘ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের’  তালিকাও সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

সেনা নামানোর বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মতামত প্রসঙ্গে সিইসি বলেন, “ভোটে নামানোর প্রয়োজন রয়েছে কি না তা আইন শৃঙ্খলাবাহিনীর বিচার্য বিষয় নয়; আমাদের বিচার্য বিষয়। কমিশনই সিদ্ধান্ত নেবে সেনা প্রয়োজন রয়েছে কি নেই। সেনা ছাড়া অন্য বাহিনী কতজন থাকবে তা আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হয় নি।”

ঢালাও অভিযোগে ‘লাভ নেই’

সিইসি জানান, ইতোমধ্যে প্রার্থী ও নানা মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের হাতে আসছে। গণমাধ্যমে যেসব বিধি লংঘনের তথ্য আসছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

“ঢালাও অভিযোগ করে লাভ নেই। লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রতিটি বিষয় তদন্ত করা হবে। গণমাধ্যমেও বস্তুনিষ্ঠ ও ভালো করে সংবাদ প্রকাশ করতে হবে।”

দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে কাজী রকিব বলেন, “ইতোমধ্যে প্রার্থীদেরও সতর্ক করা হচ্ছে। তারা ক্ষমা চাচ্ছেন, অনেককে জরিমানা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতাও যাচাই করে দেখা হচ্ছে।”

জরিমানার খবর গণমাধ্যমে ‘ভালো করে’ প্রচারের পরামর্শ দেন তিনি।

পুরনো খবর:

ভোট ঘিরে চার দিনের নিরাপত্তায় সেনা নেই ভাবনায়