বরিশালে ট্রাকচাপায় ৬ মাহেন্দ্র যাত্রী নিহত
বরিশাল সদরে ট্রাকচাপায় ছয় মাহেন্দ্র আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও ছয় জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কাশীপুর বাঁশতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপরের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে ও মাহেন্দ্র চালক স্বপন চন্দ্র দাস (৪০), পশ্চিম রহমতপুরের মৃত জয়নুল হাওলাদারের স্ত্রী মালেকা বেগম (৪৫), তাদের ছেলে মামুন অর রশিদ (২৫), পশ্চিম পাংশার মৃত আলী উদ্দিন হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৬০) ও মৃত ইসহাক আলী মৃধার ছেলে আলতাফ মৃধা (৫০) এবং মানিককাঠীর নজরুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৪০)।
বরিশাল বিমানবন্দর থানার ওসি মতিয়ার রহমান জানান, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি বরিশালের দিকে আসছিল।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মামুন অর রশিদের মৃত্যু হয় বলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৌসুমী বেগম, রাসেল হাওলাদার, ফুলভানু বেগম, মুক্তা আক্তার, আমিরুন্নেছা ও সাজ্জাদ।
দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল বলে ওসি মতিয়ার রহমান জানিয়েছেন।
