মৌলভীবাজারে আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের গোলযোগ থেকে লাগা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনায় পুড়েছে নয়টি দোকান ও একটি বসতবাড়ি।
আহতরা হলেন- সেলিম মিয়া (২৬), শ্যামল দেব (২২), ফয়ছল খান (৪৫) এবং রাজু দেব (২৫)।
এদের মধ্যে গুরুতর দগ্ধ শ্যামল ও সেলিমকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল ৮টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে এই অগ্নিকাণ্ড হয় বলে কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বাজারে আব্দুল মন্নাফ মার্কেটের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে আগুন লাগার পর তা মার্কেটের নয়টি দোকান ও পেছনের একটি বাসায় ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজার, কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ওসি।
বরমচাল বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজীব বলেন, আগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার মতো ক্ষতি হতে পারে বলে তারা ধারণা করছেন।
