সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদনের রায় পিছিয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে তার স্ত্রীর আবেদনে হাই কোর্টের দেওয়া রুলের রায় পিছিয়েছে।
বুধবার এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও আবেদনকারীর আইনজীবী সময় চাওয়ায় আগামী সোমবার রায় ঘোষণার নতুন দিন রাখে আদালত।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত ৯ এপ্রিল শুনানি শেষে বুধবার রায়ের দিন রেখেছিলেন।
আবেদনকারীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সকালে আদালতে বলেন, নতুন কিছু তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপনের জন্য সময় চান তারা।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। ‘নিখোঁজ’ হওয়ার আগে ফোন করে তাকে বিষয়টি জানানোরও চেষ্টা করেন এই বিএনপি নেতা।
স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা।
এরপর তিনি হাই কোর্টে গেলে আদালত রুল জারি করে। সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা ১৫ মার্চের মধ্যে জানাতে বলা হয়।
গত ১৫ মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচটি প্রতিবেদন ও দুটি পুলিশ ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সালাহ উদ্দিনের আইনজীবীদের আবেদনে অ্যাটর্নি জেনারেল এসব প্রতিবেদনের সত্যায়িত অনুলিপিও জমা দেন।
উপস্থাপিত তথ্যে দেখা যায়, যে বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ করেছে পরিবার, সেখানে খুঁজে এসে রায়হান নামে এক ব্যক্তির অবস্থান ও চলে যাওয়ার তথ্য পাওয়ার কথা বলেছে পুলিশ।
বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আদালতে যে প্রতিবেদন পাঠানো হয় তাতে বলা হয়, পুলিশের কোনো শাখা এই বিএনপি নেতাকে আটক বা গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও তারা পায়নি।
স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর কাছেও দুই দফা স্মারকলিপি দিয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী। প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছেন তিনি।
