জামালপুরে বর্ষবরণ উৎসবে হামলার হুমকিদাতা গ্রেপ্তার
জামালপুরে বাংলা নতুন বছর বরণে বৈশাখী মেলা ও দুরমুঠ শাহকামালের মাজারের মেলায় হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে গ্রেপ্তার মাজেদুর রশীদ সোহাগ (৩৩) জঙ্গি সংগঠনের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
সোহাগ মাদারগঞ্জের বালিজুড়ি মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াজেদের ছেলে। তিনি মাদারগঞ্জ বালিজুড়ি বাজারের শতদল বহুমুখী সমবায় সমিতির হিসাব রক্ষক হিসেবে কাজ করেন।
সমিতির কার্যালয় থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয় বলে জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “সোহাগসকালে মাদারগঞ্জ থানার ওসিকে একাধিকবার হুমকি দিয়ে মোবাইলে মেসেজ পাঠায়। ওই মেসেজে জামালপুরের সব স্থানে বাংলা বর্ষবরণ, বৈশাখী মেলা ও দুরমুঠ শাহকামাল (রাঃ) মাজারের মেলা বন্ধ করা না হলে পেট্রোল বোমা মেরে মেলা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।”
মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, “সোহাগ আইআরএস জঙ্গি সংগঠনের পশ্চিম জামালপুরের পেট্রোল বোমা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সদস্য।”
এই ঘটনার পর থেকে জামালপুরে বর্ষবরণের সব অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
