২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেয়ে প্রচারে আসবেন আব্বাস, আশা স্ত্রীর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ‘মামলামুক্ত হয়ে’ প্রকাশ্যে এলে তার নির্বাচনী প্রচারে গতি আসবে বলে আশা করছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 03:13 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার সকালে ফকিরাপুল, কাঁচাবাজার, ফলপট্টি, আরামবাগ, মতিঝিল, বঙ্গভবন স্টাফ কোয়ার্টার এলাকায় স্বামীর পক্ষে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতার মামলা মাথায় নিয়ে বিএনপির মহানগর আহ্বায়ক আব্বাস প্রকাশ্যে প্রচারে আসতে পারছে না। তার পক্ষে আফরোজাই গত কয়েক দিন ধরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

তিনি সাংবাদিকদের জানান, আগামী বুধবার আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হতে পারে।

মির্জা আব্বাসের মামলা সম্পর্কে জানতে চাইলে আফরোজা বলেন, “মামলাগুলোর আইনি প্রক্রিয়া চলছে। এগুলো শেষ হলেই তিনি নির্বাচনী প্রচারে যোগ দেবেন। তখন প্রচারে গতি আসবে।”

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী মির্জা আব্বাসের নামে মোট ৬১টি ফৌজদারী মামলা রয়েছে।

তিনটি মামলায় আগাম জামিন চাইতে সোমবার হাই কোর্টে গেছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।