গাজীপুরের ‘শিক্ষা’ ঢাকায় লাগাতে চায় আওয়ামী লীগ
গাজীপুর সিটি করপোরেশনে নিজেদের প্রার্থীর পরাজয়ের থেকে শিক্ষা নিয়ে ঢাকা দক্ষিণে নিজেদের সমর্থিত প্রার্থীকে জিতিয়ে আনতে চায় আওয়ামী লীগ।
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী সাঈদ খোকনের সমর্থনে ঢাকা-১০ সংসদীয় আসনে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় এ বিষয়টি তোলেন আব্দুর রাজ্জাক। তিনি সাঈদ খোকনের নির্বাচনের প্রধান সমন্বয়ক।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান বিপুল ভোটে পরাজিত। এই ফলের আভাস ভোটের আগে পাওয়া যায়নি।
সাবেক মন্ত্রী রাজ্জাক বলেন, “গাজীপুরে ৪৩ভাগ কেন্দ্রে আমাদের মেয়র প্র্রার্থীর কোনো এজেন্ট ছিল না। কাউন্সিলরদের এজেন্ট ছিল। তারা মেয়রের জন্য কাজ করে নাই, কেবল কাউন্সিলরের জন্য ভোট চেয়েছে।
“যে কাউন্সিলররা মেয়রের জন্য কাজ করবে না। তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। ৯৩ জন কাউন্সিলর জিতলেও কাজ হবে না। আমাদেরকে মেয়র জিততে হবে।”
মেয়রকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণে ভোটের প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেন আওয়ামী লীগের এই নেতা। মেয়র ও কাউন্সিলরের আলাদা এজেন্ট দেওয়ার কথাও বলেন তিনি।
“কাউন্সিলর প্রার্থীদের বলছি, আপনারা জিতেন সেটা আমরা চাই। আপনাদের লিফলেট দিবেন, সেখানে সাঈদ খোকনেরও একটা লিফলেটও দিবেন।”
সরাসরি ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে রাজ্জাক বলেন, “ভোটারদের কাছে আমাদের লিফলেট পৌঁছানো নিশ্চিত করতে হবে। আমাদের কাছে কেউ আসে নাই-এই কথাটা কোনো ভোটার যেন না বলতে পারে।”
নির্বাচনের আগে জোরদার প্রচারে জয়ের আভাস ফুটিয়ে তোলার পরামর্শও দিয়েছেন এই সংসদ সদস্য।
“কেন্দ্রে আমাদের তৎপরতা দেখাতে হবে। কার প্রচারটা বেশি সেটাও দেখে। সারা ঢাকা শহর আমরা যদি আওয়াজ তুলতে পারি। ইনশাল্লাহ আমরা ইলিশে ভরে দিতে পারব।”
বৈঠকে সভাপতির বক্তব্যে ঢাকা-১০ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, “আমরা আমাদের এলাকায় থানা সমন্বয় কমিটি করব, ওয়ার্ড কমিটি করব, এরপর কেন্দ্র কমিটি করব।”
প্রার্থী সাঈদ খোকন বলেন, “আজ আমার বাবা বেঁচে থাকলে আমার পাশে দাঁড়াতেন। কিন্তু তিনি আজ বেঁচে নেই, আপনারাই আমার অভিভাবক। আমি আপনাদের সন্তান। নির্বাচিত হলে আমি আমি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করব।”
দিনভর সাঈদ খোকন মতিঝিল, ফকিরাপুল, শাহজাহানপুর ও লালবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিকালে ধানমণ্ডিতে একটি কর্মী সমাবেশে অংশ নেন তিনি।
