২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলাম বিএসসিও নাছিরের প্রচারে

প্রথম কয়েক দিন একাই নগরীর পথে পথে প্রচারণা চালালেও একে একে নগর আওয়ামী লীগের শীর্ষনেতারা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে মাঠে নামছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার নগরীর বহদ্দারহাট, বাড়ইপাড়া ও কে বি আমান আলী সড়কে নাছিরের পক্ষে গণসংযোগ করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ‍নুরুল ইসলাম বিএসসি।

এর আগে শনিবার নগরীর সল্টগোলা এলাকায় নাছিরের সঙ্গে পথসভায় অংশ নিয়েছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসি দুজনই মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে কেন্দ্র থেকে নগর সাধারণ সম্পাদক নাছিরকে মনোনয়ন দেওয়া হয়।

নাছিরের পক্ষে ভোট চেয়ে নুরুল ইসলাম বলেন, “এবার নির্বাচনে যোগ্য মেয়র প্রার্থী নির্বাচিত করতে না পারলে গলা পানিতেই ডুবে থাকতে হবে, আর্বজনাও সরবে না।

“আ জ ম নাছির যোগ্য ব্যক্তি। আপনারা তাকে হাতি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। তিনি এসব সমস্যা থেকে আপনাদের মুক্তি দেবেন।”

নাছির বলেন, নগর কেন্দ্রের মধ্যে বহদ্দারহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলেও সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটি অত্যন্ত দুঃখজনক।

“বেশি দুর্ভোগ পোহাতে হয় বহদ্দারহাট, চান্দগাঁও ও পশ্চিম বাকলিয়া এলাকায় মানুষকে। বর্ষাকালজুড়েই তাদের পানির নিচে দিন কাটাতে হয়। নগর প্রশাসনের গত পাঁচ বছরের ব্যর্থতার কারণে আজ এই করুণ দশার সৃষ্টি হয়েছে।”  

নাছির বলেন, “আপনাদের সন্তান হিসেবে দুর্ভোগ নিজের মতোই অনুভব করি। জলাবদ্ধতা থেকে এ অঞ্চলের মানুষকে মুক্তি দিতে চাই, আমাকে একবার সুযোগ দিন।”

নাছির সকাল থেকে দুপুর পর্যন্ত বারাইপাড়া, ঘাসিয়া পাড়া, কে বি আমান রোড, ওমর আলী মাতব্বর রোড, বাদশা চেয়ারম্যান ঘাটা, বহদ্দার বাড়ি, খাজা রোড, সাবানঘাটা, বলিরহাট ও ওয়াইজ পাড়া এলাকায় গণসংযোগ করেন।

তার সঙ্গে আরও ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ।