২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

‘আধিপত্য বিস্তার’ নিয়ে পাবনায় এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

পুলিশ জানায়, রোববার বিকালে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ এলাকায় এ হামলা হয়।

আহত সাব্বির আহমেদ পৌরসভার দক্ষিণ রাঘবপুরের গরিবুল্লাহ মসজিদ এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে।

আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শালগাড়িয়া মহল্লার সঙ্গে পার্শ্ববর্তী কালাচাঁদ পাড়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিকাল ৩টার দিকে সাব্বির বুলবুল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়।

তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, সাব্বির যুবলীগ নেতা টিপু গ্রুপের সক্রিয় সদস্য। এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু বলেন, সাব্বির ছাত্রলীগকর্মী। মাদক ও ইয়াবা বিক্রির প্রতিবাদ করার জেরে সন্ত্রাসী ও মাদক বিক্রেতারা তাকে কুপিয়ে জখম করেছে।

শালগাড়িয়া মহল্লার বাসিন্দা ও সাবেক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল বলেন, “সাব্বির নিজেও একজন সন্ত্রাসী প্রকৃতির ছেলে। তার উপর কে বা কারা সন্ত্রাসী হামলা করেছে আমাদের জানা নেই।

“তবে এই সাব্বির শহরের বাংলাদেশ ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী আজাদ হেসেনকে মাস দুয়েক আগে শহরের দই বাজার এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করেছে।”