মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে আটক ২
কক্সবাজারের মহেশখালীতে সন্ধান পাওয়া একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলা ২টার দিকে বড় মহেশখালীর বড় কুলাল পাড়ায় চালানো অভিযানে পাঁচটি দেশি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি, ২৫০ গ্রাম গানপাউডার ছাড়াও কারখানার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বড় কুলাল পাড়ার মৃত উলা মিয়ার ছেলে মকবুল আহমদ (৫০) ও তার স্ত্রী নাসিমা আক্তার (৩৫)।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র তৈরির সঙ্গে আটক ব্যক্তিদের জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। তাদের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। আটক মকবুলের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।
“তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হবে।”
