হাজার লোকের ভুরিভোজে মিলনের প্রচারণা
প্রতীক পাওয়ার পর হাজার লোকের ভুরিভোজের আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।
সোহরাওয়ার্দী উদ্যানে তিন নেতার মাজারের পিছনে অবস্থিত শাহবাজ জামে মসজিদের পাশে শনিবার দুপুরে ভোজের এই আয়োজন করা হয়। সঙ্গীদের নিয়ে ওই মসজিদে নামাজ পড়ে খেয়ে দিনের প্রচারণা শুরু করেন মিলন।
বেলা ১টার দিকে ওই এলাকায় আসেন মিলন। কয়েক মিনিটের মাথায় দুই মাইকে স্লোগান দিতে দিতে একটি পিকআপ ভ্যান তিন নেতার মাজারের সামনে এসে থামে। পিকআপে দুটি সিঙ্গেল সোফাও ছিল, যা মিলনের নির্বাচনী প্রতীক।
এ সময় মিলন তিন নেতার মাজারের পিছনের ওই মসজিদে চলে যান। পিকআপে আসা লোকজনকে ডেকে সঙ্গে করে নামাজে নিয়ে যান তিনি। নামাজ শেষে সমর্থকদের নিয়ে মূল সড়কের কাছাকাছি এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আসার সময় তার সমর্থকদের সোফা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিতে দেখা যায়।
কথা বলা শেষ হওয়ার পর সাংবাদিকদের নিজের সঙ্গে খাওয়ার দাওয়াত দেন মিলন।
কতো লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা হাজার খানেক লোকের খাওয়ার আয়োজন করেছি।”
এ সময় মিলনের পাশে থাকা এক ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বলেন, “আমরা খাওয়ার আয়োজন করি নাই, ‘লিডার’ আসলে এ রকমই হয়।”
এর ২০ মিনিট পর মসজিদের গেইটে ফের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলন।
সেখানে তাকে প্রশ্ন করা হয়, এভাবে খাওয়ার আয়োজন বা নির্বাচনী প্রচারে উপাসনালয় ব্যবহার নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি-না?
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“জাতীয় পার্টির স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজন করেছে। পার্টির লোকজনতো আমাকে ভালোবাসতেই পারে, তাই না?”
মিলনের এই বক্তব্য চলাকালেও প্যাকেট খাবার ও পানির বোতল বিতরণ চলছিল। জ্বলন্ত চুলার উপরে রাখা বড় বড় পাত্রে তখনও খাবার ছিল।
সকালে ধূপখোলায় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথ সভায় সত্যিকারের ইলিশ মাছ নিয়ে ছবি তোলেন সাঈদ খোকন।
অন্যদিকে নির্বাচনী প্রচারে একই সঙ্গে একাধিক হ্যান্ড মাইকের ব্যবহার দেখা গেছে আফরোজা আব্বাসের প্রচারণায়। তিনি সেগুনবাগিচার তোপখানা রোডে প্রচারণা শুরুর পর এই দৃশ্য দেখা গেছে।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন জাতীয় পার্টির নেতা সাইফুদ্দিন আহমেদ মিলন।
“জয়ের ব্যাপারে আমি আশাবাদী। প্রতীক ছাড়া প্রচারণার সুযোগ পাওয়ার পর আমি লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজারিবাগে প্রচারণা চালিয়েছি। সকালে ইনডোরে কাজ করি। আর দুপুরে বাইরে প্রচারণায় বের হই।
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“মানুষ রাস্তায় নেমে আসছে, জানালা দিয়ে তাকিয়ে থাকছে। ছাদে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করছে। ”
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সামরিক শাসক এরশাদ ক্ষমতায় থাকাকালে দেশ ‘ভালো’ চলেছিল বলে দাবি করেন তার দলের এই নেতা।
তিনি বলেন, “এরশাদের আমলে মানুষ সবচেয়ে ভালো ছিল। আমি গত ৩২ বছর রাজনীতিতে আছি। সৎভাবে রাজনীতি করছি। আশা করি এবার ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মানুষের বিবেক জাগ্রত হবে। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হবে।”
বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের বিষয়ে তিনি বলেন, “বিএনপির প্রার্থী প্রকাশ্যে কাজ করতে পারলে ভালো হত। কিন্তু কারো বিরুদ্ধে মামলা থাকলে আমরা কী করবো? নির্বাচন কমিশনই বা কী করবে?
“তবে আমরা চাই, উনি মাঠে আসুক। সবাই থাকলে যে জয় হয়, সেই জয় অহঙ্কারের। প্রতিদ্বন্দ্বিতা করেই আমরা জিততে চাই।”
