মির্জা আব্বাসের প্রচারে স্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে প্রচার শুরু করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তা স্ত্রী আফরোজা আব্বাস।
সরকারবিরোধী আন্দোলনের মধ্যে অপ্রকাশ্যে থাকা মির্জা আব্বাসের স্ত্রী বুধবার শাহজাহানপুর, খিলগাঁও, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, বাসাবো, মাদারটেক, সবুজবাগ বৌদ্ধ মন্দির এলাকা, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ চালান।
শান্তিপুর স্কুলের সামনে থেকে গণসংযোগের সময় আফরোজা আব্বাসের সঙ্গে বিএনপির কয়েকশ’ নেতা-কর্মীকে দেখা গেছে। তারা মির্জা আব্বাসের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামেও স্লোগান দেন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অলিগলিতে মানুষের সঙ্গে দেখা করে স্বামীর পক্ষে ভোট চান তিনি, সবার হাতে তুলে দেন প্রচারপত্র।
প্রতীক বরাদ্দের আগে আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন মঙ্গলবারই নেমেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
দুই যুগ আগে সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফের কাছে মেয়র নির্বাচনে হেরে যাওয়া মির্জা আব্বাসের কোনো প্রচারণা দেখা যায়নি।
আফরোজা অভিযোগ করেছেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হলেও সব প্রার্থীদের জন্য সমান সুযোগের ক্ষেত্র এখনও তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন।
“আমার স্বামীসহ বিএনপি দলীয় অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। সরকার দলীয় প্রার্থীর মতো আমাদেরও সমান সুযোগ দিতে হবে,” সাংবাদিকদের বলেছেন তিনি।
সকাল ৯টায় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় মিলাদ ও দোয়ার মাধ্যমে গণসংযোগের আনুষ্ঠানিকতা শুরু করেন আফরোজা।
প্রচারণার এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির গোড়ানের বাসায় যান আফরোজা। জনির একমাস বয়সী ছেলে নাভিদ উজ্জামান নহরকে কোলে নিয়ে আদর করেন তিনি।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাঈদ খোকনের বিপরীতে বিএনপির চার নেতার মনোনয়নপত্র জমা পড়লেও সাবেক মেয়র মির্জা আব্বাসকে সমর্থনের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি আব্বাসকে গত কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
