মাহমুদুল্লাহর জন্য ময়মনসিংহবাসীর ভালোবাসা
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শতকের মালিক মাহমুদুল্লাহ রিয়াদকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের মানুষ।
মঙ্গলবার বিকালে শহরের সার্কিট হাউজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন। তাদের সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা।
এই সংবর্ধনাকে ঘিরে ময়মনসিংহ শহর ছিল উৎসবমুখর।
প্রিয় খেলোয়াড়কে দেখতে দুপুর থেকেই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এক সময় সার্কিট হাউজ মাঠ ভক্ত ও অনুরাগীদের ভিড়ে কানায়কানায় ভরে ওঠে।
আয়োজক ও ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া নানা উপহার সামগ্রীও দেওয়া হয়।
দেশের মানুষের ভালোবাসার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নন্দিত এই ক্রিকেটার। দুচোখ বেয়ে পড়ে আনন্দাশ্রু।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ কুমার মানকি, পৌর মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।
সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলন, রিয়াদকে সন্মান দিতে পেরে তারা নিজেরাও সন্মানিত হয়েছেন।
রিয়াদ ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়া এথলেটিকস ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। তার ক্লাবের কর্মকর্তা আর খেলোয়াড়রাও ছিলেন অনুষ্ঠানে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ময়মনসিংহের এই ছেলে পরপর দুই ম্যাচে শতক হাঁকান।
