এলজিইডির ১০ প্রকৌশলীকে দুদকে তলব
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ ১০ প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
অন্যরা হলেন- এলজিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোহসীন, জ্যেষ্ঠ প্রকৌশলী মো. জহুরুল আলম মন্ডল ও ফিরোজ আলম তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার ও মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান ও এএফএসকে নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান ও প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মো. রেজাউল করিম।
তাদের আগামী ১৫ এবং ১৬ এপ্রিল কমিশনে হাজির হতে মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী।
প্রকৌশলীদের ডাকার কারণ জানতে চাইলে দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেট করে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে।”
