আনিসুল গেলেন এফডিসিতে, কবরী ছিলেন গুলশানে
নির্বাচনী প্রতীক বরাদ্দ হতে বাকি আরও তিন দিন; তার আগেই প্রচারের সুযোগ পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক মঙ্গলবার তার গণসংযোগ শুরু করেন কারওয়ানবাজার বস্তি আর এফডিসিতে। সাবেক সাংসদ চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরীর প্রচার সীমাবদ্ধ ছিল মূলত গুলশান এলাকায়।, স্বজন আর প্রতিবেশীদের মধ্যে।
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালকে এদিন মাঠে দেখা যায়নি। প্রচার শুরু করেননি বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরীও।
তবে জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবলু, জাসদ সমর্থিত নাদের চৌধুরী, সিপিবির আব্দুল্লাহ আল কাফী (কাফি রতন) ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি উত্তরের বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক প্রচার শুরুর আগে ভোর ৬টায় বনানী করবস্থানে মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফিরে শ্রদ্ধা জানান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান তিনি।
ব্যবসায়ী আনিসুলের জনসংযোগ শুরু হয় কারওয়ান বাজারের রেলওয়ে বস্তি থেকে। সেখানে ভোটারদের কাছে দোয়া চেয়ে তিনি যান এফডিসিতে।
চলচ্চিত্র কর্মচারী লীগ, পরিচালক সমিতি এবং প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যালয় ঘুরে সবার সমর্থন চান এই মেয়র প্রার্থী।
আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন মঙ্গলবার রাজধানীর এফডিসি প্রাঙ্গণে প্রচারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী আনিসুল হক। ছবি:নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকা নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিবন্ধকতাগুলো আমরা সকলেই জানি। এ শহরের কী কী সমস্যা আছে তাও জানি। এ সব নাগরিক সমস্যা সমাধান করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কারওয়ান বাজারে প্রচার চালানোর পর ভোট চাইতে মহাখালীর কড়াইল বস্তিতে যান আনিসুল। বর্জ্য ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, নারীদের যাতায়াত সমস্যার সমাধান, রাস্তাঘাট সংস্কার, পাবলিক টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চান এসবিসিসিআইর এই সাবেক সভাপতি।
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবলু জনসংযোগ সীমাবদ্ধ রেখেছিলেন উত্তরার বিভিন্ন অংশে। আর সারাহ বেগম কবরী গুলশানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে সমর্থন চেয়েছেন।
ঋণ খেলাপের অভিযোগ ওঠায় তার শুনানি নিয়েই ব্যস্ত ছিলেন তাবিথ আউয়াল। তার বাবাও আবদুল আউয়াল মিন্টুও উত্তরে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তা বাতিল হয়ে যায়।
রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিচ্ছেন কাফি রতন
সিপিবি সমর্থিত প্রার্থী কাফি রতন প্রচার শুরুর আগে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল, বিআরটিসি বাস ডিপো এলাকায় দুপুর পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
বিকালে মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ে এক মতবিনিময় সভায়ও অংশ নেন কাফি রতন। পরে তেজগাঁও এলাকায় গণসংযোগে যান।
সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী। বুধবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন বলে জানান তিনি।
সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর প্রচার শুরু করেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মিরপুর ১ নম্বর এলাকা পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমর্থন চাইতে দেখা যায় তাকে।
পরে তিনি যান রাজধানীর বাউনিয়া বস্তিতে। সেখানে একটি পথসভায় অংশ নেন।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দুই প্রার্থী আনিসুল হকের সঙ্গে জোনায়েদ সাকির দেখা
তাবিথের সমর্থক হায়দার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সারাদিন শুনানি নিয়েই ব্যস্ত ছিলাম। কোনো প্রচারে যাইনি। যা কিছু হবে কাল থেকে।”
বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরীও এদিন প্রচারে নামেননি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারপর তার আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
ঢাকার এই অংশে ভোটের লড়াইয়ে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বরখাস্ত উপদেষ্টা ববি হাজ্জাজ। তিনিও বুধবার প্রচারে নামার কথা বলেছেন।
৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আগামী ২৮ এপ্রিল নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দেবেন তারা।
