২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু জিহাদের মৃত্যু: প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পরিদর্শক আবু জাফর মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগপত্রে।

দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর এর মালিক প্রকৌশলী আব্দুস সালাম।

মামলায় ৩০৪/ক ধারায় আসামিদের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হলেও তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দিয়েছেন দণ্ডবিধির ৩০৪ ধারায়, যাতে অপরাধজনক প্রাণনাশের কথা বলা হয়েছে।

অপরাধ প্রমাণিত হলে এই ধারায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আদালত পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, প্রকৌশলী আব্দুস সালাম বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। 

গতবছর ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েকশ ফুট গভীর ওই নলকূপের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে অনেক নিচে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোনো মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। ওই সন্দেহ রেখেই উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

এর কয়েক মিনিটের মধ্যে কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি বেঁচে নেই।

জিহাদের মৃত্যুর ওই ঘটনা সে সময় সারাদেশে আলোড়ন তোলে। এর জন্য দায়ীদের শাস্তিরও দাবি ওঠে।

এরপর জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় এই মামলা করেন, যাতে জাহাঙ্গীর আলম ও আব্দুস সালামকে আসামি করা হয়।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ঘটনার দিনই সাময়িক বরখাস্ত করা হয়; ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরকে করা হয় ‘কালো তালিকাভুক্ত’। ঠিকাদার সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত।