না’গঞ্জে পেট্রোল বোমা হামলা: ৫ ছাত্র গ্রেপ্তার
নারায়ণগঞ্জ নগরীতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত এ ছাত্ররা শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের কাছ থেকে বেশকিছু জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।
জামায়োতের ডাকা হরতালের আগের দিন সোমবার বিকালে নগরীর ডনচেম্বার এলাকায় বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
ওসি নজরুল জানান, আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় এলাকাবাসী হাতেনাতে ইউসুফ হোসেন শোভন নামের এক শিবিরকর্মীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
শোভন নারায়ণগঞ্জের বন্দরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। ওই ঘটনায় তার সঙ্গে আর কারা ছিল তাদের নামও বলেন তিনি।
সে তথ্য অনুযায়ী বিআইএমটিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
“এরা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত,” বলেন ওসি নজরুল।
গ্রেপ্তার সবাই শিপ বিল্ডিং এন্ড ফেব্রিক্স বিভাগের ছাত্র। এরা হলেন চতুর্থ বর্ষের ছাত্র চাঁদপুরের হাজিগঞ্জের মাতুইনের আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন (২০), প্রথম বর্ষের ছাত্র টাঙ্গাইলের মধুপুরের জলটের গ্রামের আব্দুল হানিফের ছেলে মামুনুর রশিদ (১৬), তৃতীয় বর্ষের ছাত্র পাবনার সাঁথিয়ার নাদিয়া গ্রামের মৃত মুজাম্মেল হকের ছেলে শিবলী সাদিক (১৯), তৃতীয় বর্ষের ছাত্র সাঁথিয়ার চাপানিয়া গ্রামের প্রামানিকের ছেলে হাবিবুর রহমান (১৯), দ্বিতীয় বর্ষের ছাত্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরের নয়ামাটি গ্রামের আবুল বাশারের ছেলে ইমন হোসেন (১৭)।
ওসি আরও জানান, তাদের কাছ থেকে বেশকিছু জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।
শিবলী সাদিকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে ওসি বলেন।
সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় পেট্রোল বোমা মেরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
একটি সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে ইউসুফ হোসেন শোভন নামের একজনকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় পুড়ে যাওয়া বাসের চালক সনি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
