দুর্ঘটনায় লাশ হল এক পরিবারের ৫ জন
লালমনিরহাট সদরে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিম নগর এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মাহফুজার রহমান জানান।
নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শিববাড়ি গ্রামের অটোরিকশা চালক ফারুক (৪৫), তার মা জোবেদা বেগম (৭০), স্ত্রী আনোয়ারা (৪০), ভাতিজি পারুল (৩৫) ও পারুলের মেয়ে লাম্বি আক্তার (১২)।
কুড়িগ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোরিকশায় করে লালমনিরহাটের শিববাড়িতে নিজেদের বাড়িতে ফিরছিলেন ফারুক।
পথে কুড়িগ্রামগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে দুটি বাহনই উল্টো যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান ওসি।
বাস ও অটোরিকশার ১২ আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আনোয়ারা ও লাম্বি আক্তারের মৃত্যু হয়।
ওসি মাহফুজার রহমান জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি তারা আটক করেছেন। তবে চালক ও তার সহকারী পলাতক।
