সত্য উদঘাটনে উদ্যোগী হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের
সত্য উদঘাটনে ঝুঁকি নিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
‘বাঙালির দর্পণ, বাংলা গণমাধ্যম’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নবীনদের বরণ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয় গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগ।
অনুষ্ঠানে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “তোমাদের নিজেদের এমন আত্মপ্রতিজ্ঞ হতে হবে, যে সত্য ছাড়া কোন কিছু প্রকাশ করবে না। সত্যকে প্রকাশ করার জন্য যত ধরনের ঝুঁকি নিতে হয়, তা নিতে হবে।”
সত্য ঘটনা উদঘাটনের জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাই সাংবাদিকতা শিক্ষার এবং সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার আছে। সংবিধানে যে অধিকারগুলো দেওয়া হয়েছে, সেগুলো নিশ্চিত করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী ।
