২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় হিন্দু পরিবার উচ্ছেদ ঘটনার বিচারিক তদন্তের নির্দেশ

বরগুনার তালতলী উপজেলার পঞ্চাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলায় (মগপাড়া) ১৪ হিন্দু পরিবারকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 10:36 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়।

বরগুনার মুখ্য বিচারিক হাকিমকে তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কী, তাও প্রতিবেদনে উল্লেখ করতে বলেছে হাই কোর্ট।

একইসঙ্গে ওই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার এবং জড়িতদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।

পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানাতে বলা হয়।

সেই সাথে তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দায়ের করা রিট আবেদনে আদালতের এই আদেশ আসে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরগুনার জেলা পুলিশ সুপার ও তালতলী থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, আবু ওবায়দুর রহমান, অবন্তী নুরুল ও সামিউল আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পুরনো খবর:

হিন্দু পরিবারগুলো বাড়ি ফিরেছে
আশ্বাসে ভরসা পাচ্ছেন না বরগুনার উৎখাত হিন্দুরা