লাঙ্গলবন্দে প্রাণহানি: তদন্ত প্রতিবেদন দাখিল
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে ১০ পুণ্যার্থীর প্রাণহানির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের কমিটি প্রতিবেদন দাখিল করেছে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার কাছে তদন্ত কমিটির আহবায়ক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত হোসেন খানের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খান বলেন, সোমবার জেলা প্রশাসকের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ নির্ধারণ ছাড়াও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিবেদনে সুপারিশ করা হয় বলে তিনি জানান।
প্রতিবেদনে বলা হয়, ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন সরকারি ছুটি থাকায় এ বছর লাঙ্গলবন্দে পুণ্যার্থীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি ছিল।
পুণ্যস্নান লগ্নের সময় অন্য বছরের তুলনায় এ বছর কম বা সংক্ষিপ্ত থাকায় এবং অন্য স্নানঘাটগুলোর তুলনায় রাজঘাটকে পুণ্যার্থীরা স্নানের জন্য বেশি গুরুত্ব দেওয়ায় রাজঘাট সংলগ্ন এলাকায় পুণ্যার্থী অনেক বেশি ছিল।
ঘটনাস্থল সংলগ্ন ঘাটটি তিন রাস্তার সংযোগস্থলে হওয়ায় লোকজন তিনদিক থেকে চলাচল করার কারণে স্থানটিতে স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল সংলগ্ন রাজঘাট বেইলি সেতুটি ভেঙে যাচ্ছে এমন একটি গুজবে পুণ্যার্থীদের আতংক এবং ছোটাছুটির কারণে প্রচণ্ড চাপে দুর্বল ও নারী পুণ্যার্থীরা পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন।
কমিটি রিপোর্টে এরকম ঘটনা পুনরাবৃত্তি রোধে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা স্নানের জন্য সংরক্ষণ করাসহ ১৫টি সুপারিশ করেছে।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে লাঙ্গলবন্দের স্নান এলাকায় তিন কিলোমিটার টানা সিঁড়িযুক্ত ঘাট নির্মাণ, দুই কিলোমিটার করে নদী খনন, পুণ্যস্নান স্থান সংলগ্ন ভূমি যথাযথভাবে জরিপ করে জমির সঠিক মালিকানা নির্ধারণ, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে বৈধ দখলদারদের জমি অধিগ্রহণ, পুণ্যস্নানকালে মেলা ও দোকানপাটের জন্য আলাদা জায়গা নির্ধারণ, জেলা পরিষদের বৈধ ইজারা প্রদান বাতিল, রাস্তার দুই পাশে দোকান বসানো নিষিদ্ধকরণ, স্নান স্থান ঘাটের সঙ্গে রাস্তার সংযোগ সড়ক স্থাপন, বেইলি সেতুগুলোর পরিবর্তে স্থায়ী (পাকা) সেতু নির্মাণ, স্নান উৎসবকালীন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ও দুর্ঘটনা এড়াতে তদারকি, অধিক সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিযোগ, উচ্চ পর্যায়ে তদারকী বাড়ানো, উৎসবের সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, পুণ্যার্থীদের সুবিধার্থে শৌচাগার (পুরুষ-মহিলাদের জন্য আলাদা) ও পানির ব্যবস্থা ও পর্যাপ্ত কাপড় বদলানোর জায়গা রাখা, রাস্তা দ্বিগুণ প্রশস্থ করা এবং ডিভাইডার দেওয়া, পুণ্যার্থীদের জন্য শেড নির্মাণ করা।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান রহমান মিঞা সাংবাদিকদের বলেন, রিপোর্টে দুর্ঘটনার কারণ শনাক্ত করে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশ করা হয়েছে।
লাঙ্গলবন্দে অবৈধ স্থাপনার পাশাপাশি বৈধ স্থাপনাও অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো অধিগ্রহণের প্রয়োজন।
“আমরা বিষয়গুলো সরকারেরর উচ্চ পর্যায়কে অবহিত করব। ইতোমধ্যেই নদী খননের প্রক্রিয়া শুরু হয়েছে,” বলেন জেলা প্রশাসক।
গত ২৭ মার্চ লাঙ্গলবন্দে হিন্দু ধর্মালম্বীদের মহাষ্টমী স্নান উৎসবে পদদলিত হয়ে ১০ জন পুণ্যার্থী প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২০ পুণ্যার্থী।
ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত হোসেন খানকে আহবায়ক সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
