২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও হবে এইচএসসি ভোকেশনালে পরীক্ষা

জামায়াত হরতাল দিলেও মঙ্গলবার এইচএসসি ভোকেশনালের ইংরেজি-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূচি অনুযায়ী এইচএসসিতে মঙ্গলবার একাদশ শ্রেণির ইংরেজি-১ পরীক্ষা নেওয়া হবে।

হরতাল-অবরোধের মধ্যে যে কোনো মূল্যে পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে বলেও জানান তিনি।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মঙ্গল ও বুধবার হরতাল ডাকে জামায়াত।

এই দুই দিন আট বোর্ডের অধীনে এইচএসসি, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা, ডিপ্লোমা ইন কমার্স এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমে কোনো পরীক্ষা না থাকলেও এইচএসসি ভোকেশনালের ইংরেজি-১ পরীক্ষা রয়েছে।

বিএনপি জোটের অবরোধের মধ্যেই ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে এইচএসসি পরীক্ষার সময় হরতাল থাকলেও যে কোনো মূল্যে পরীক্ষা নেওয়া হবে।

দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বিএনপি জোটের অবরোধ-হরতালে এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো নেওয়া হয় ছুটির দিনে, শুক্র ও শনিবার।

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে টানা অবরোধ চালিয়ে আসা বিএনপি জোট ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ সময় ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল করে এসেছে।

পুরনো খবর:

বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা জামায়াতের