বিধি লঙ্ঘনে ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও’ ছাড় পাবে না: ইসি
সিটি নির্বাচনে আচরিণবিধি লঙ্ঘন হলে ব্যক্তি বিশেষকে ছাড় না দেওয়ার নির্দেশ ‘কড়াকড়িভাবে’ মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী বৈঠকে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সোমবার এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সমমর্যাদার ব্যক্তিদের নির্দলীয় এ নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া বা সরকারি সুবিধাভোগীদের সরকারি যান, প্রচারযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
মঙ্গলবার থেকে প্রচারণার সুযোগ পাচ্ছে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। তবে ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
২৮ এপ্রিলের ভোটে প্রায় দেড় হাজার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করে রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার বলেন, “আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নেওয়ার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষের জন্য ছাড় দেওয়া হবে না।”
চট্টগ্রামে প্রার্থীর পক্ষে মন্ত্রীর অংশ নেওয়ায় ব্যবস্থা নিতে করনীয় নির্ধারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইসির নির্দেশনাও চেয়েছেন।
এ বিষয়ে শাহনেওয়াজ বলেন, “সুন্দরভাবে রিটার্নিং অফিসাররা এ পর্যন্ত ব্যবস্থা নিয়েছেন। কোনো ব্যক্তিবিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের সবার প্রতি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
ঢাকা উত্তর ও দক্ষিণে রিটার্নিং কর্মকর্তার হুঁশিয়ারি
রিটার্নিং কর্মকর্তারা বলছেন, ৭ এপ্রিল থেকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন। তবে প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
আচরণবিধি প্রতিপালনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তারা।
ইতোমধ্যে সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দুই জন করে নির্বাহী হাকিম আচরণবিধিতে প্রতিপালনের বিষয়টি তদারকি করছেন।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, “আচরণবিধি মেনে চলতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এটা নির্দলীয় নির্বাচন। কোনোভাবে আচরণবিধি লঙ্ঘনের খবর পেলেই আমাদের টিম উপস্থিত হবে এবং হাতেনাতে ধরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।”
মন্ত্রী-প্রতিমন্ত্রী বা সমমযাদার কেউ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো অভিযোগ তাদের কাছে আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
উত্তরে এ পর্যন্ত ৬ প্রার্থীদের ৬০ হাজার টাকার বেশি জরিমনাসহ অনেককে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।
“আমরা বসে থাকব না। অবশ্যই বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা দেখবেন।”
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের কারণ দর্শাতে বলা হচ্ছে। অনেকেই নিজে এসে জবাব দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছে আচরণবিধি মানার।
“কাউকে ছাড় দিচ্ছি না। যখনই খবর পাচ্ছি টিম পৌঁছে ব্যবস্থা নিচ্ছে, তদারকিও চলছে।”
এইচএসসি পরীক্ষার সময়ে মাইকে নির্ধারিত সময়ে ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে জন্য সচেতন থাকার নির্দেশ দেন তিনি।
