চট্টগ্রামে ৬ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টি
রোদ ঝলমলে সকালের পর হঠাৎ আকাশে কালো মেঘের আনাগোনা। তারপর বজ্রপাতের সাথে মুষলধারে শুরু বৃষ্টি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া বৃষ্টি বিরামহীনভাবে পড়েছে বেলা দেড়টা পর্যন্ত।
সকালে অফিসগামী নগরবাসী আর পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৪ মিলিমিটার।
এতে নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, হামজারবাগ, ষোলশহর, রৌফাবাদ, দুই নম্বর গেইট, বাদুরতলা, মোহাম্মদপুর এবং বাকলিয়া ও হালিশহরের কয়েকটি এলাকায় সড়কে গোড়ালি পরিমাণ পানি জমে গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছরের এই সময়ে কালবৈশাখী ঝড় হয়, সঙ্গে বৃষ্টিও থাকে।
“কাল বৈশাখীর প্রভাবেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ছয় ঘণ্টায় বৃষ্টি রেকর্ড হয়েছে ৭৪ মিলিমিটার। আজ আরও বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টি হবে।”
এদিকে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টিতে নগরীর প্রধান সড়কগুলোকে লোক সমাগম কমে যায়।
বিভিন্ন সড়কে ও সড়কের গর্তে জমে থাকা পানির কারণে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
যান চলাচল কম থাকায় দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বৃষ্টিতে নগরীর বাকলিয়া থানা প্রাঙ্গণে পানি ঢুকে পড়েছে।
নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা শহীদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকেই হামজারবাগ-মুরাদপুর-মোহাম্মদপুর এলাকার সড়কে গোড়ালি পরিমাণ পানি উঠে গেছে।
“এভাবে বৃষ্টি পড়তে থাকলে বিকালের মধ্যে হাঁটু পানি জমে যাবে।”
