কামারুজ্জামানের রিভিউ খারিজের পর চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের আবেদন খারিজের পর জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রেক্ষাপটে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার সকালে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন খারিজের পরপরই চট্টগ্রাম আদালত ভবনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে। পাশাপাশি চেকপোস্টগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
বিভিন্ন থানার ওসিসহ সব কর্মকর্তাকে রাস্তায় থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।
রিভিউ আবেদন খারিজ হওয়ায় কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর কোনো বাধা নেই। যে কোনো সময় সরকর দণ্ড কার্যকর করতে পারবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনের মধ্যে জামায়াত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। চট্টগ্রামে দলটির নেতা-কর্মীরা তুলনামূলক বেশি সক্রিয়।
রিভিউ আবদন খারিজের পর নাশকতারোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নগরীতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর তানভীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ প্লাটুন ও চট্টগ্রাম নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া বন্দর ভবন, রাষ্ট্রায়ত্ত তেলডিপো পদ্মা, মেঘনা, যমুনা, তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে আগে যুদ্ধাপরাধের বিভিন্ন রায়কে কেন্দ্র করে সবচেয়ে বেশি নাশকতার ঘটনা ঘটেছিল অলংকার মোড়, এ কে খান গেইট ও সিটি গেইট এলাকায়। তিনটি এলাকায় এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সিএমপি পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরেফীন জুয়েল।
সিটি গেইটে বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি মোটর সাইকেল টহল দিচ্ছে পুলিশ। এছাড়া নগরীর অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী উপজেলায়। সেই এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ।
