২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির সাথী নিহত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর নোয়াখালীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে শিবিরের এক সাথী নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

সোমবার দুপুরে এ সংঘর্ষে নিহত মো. ওমর ফারুক চৌধুরীর বাড়ি সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজউদ্দিনপুর গ্রামে।

সংঘর্ষে দুজন আহত হন বলেও পুলিশ জানিয়েছে।

জেলা শিবির সভাপতি মো. মোয়াজ জানান, ফারুক শিবিরের নোয়াখালী শহর শাখার সাথী এবং কাদির হানিফ ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি মাইজদী পাবলিক কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, সকালে রায় ঘোষণার পর জেলা শহরে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়।

বেলা সাড়ে ১১টার দিকে মিছিলকারীরা রৌশনবাণী সিনেমা হল এলাকায় যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল, হাতবোমা ও গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা শটগানের গুলি ছোড়।

এসপি জানান, পরে ঘটনাস্থল থেকে শিবিরের তিন জনকে আহত অবস্থায় আটক করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত অপর দুজন হলেন জেলা শহরের মাইজদী বাজারের বাসিন্দা শিবিরের সাথী বরকত উল্লা রাকিব (২০) ও বেগমগঞ্জের এখলাসপুরের বাসিন্দা শিবিরকর্মী রাসেল।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাসেলকে জেলা সদরের সুধারাম মডেল থানায় রাখা হয়েছে বলেও জানান এসপি ইলিয়াছ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাকিবের পিঠে শটগানের গুলি লেগেছে। ফারুকের মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তে উল্লেখ করা হবে।

“তবে, প্রাথমিকভাবে ডোম সেলিমের কাছ থেকে জানতে পেরেছি তার শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলির চিহ্ন পাওয়া গেছে।”

এদিকে শিবিরের জেলা সভাপতি মো. মোয়াজ অভিযোগ করেন, পুলিশ বিনা কারণে শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে।

ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরে হরতাল পালনের ঘোষণা দিয়েছেন শিবির নেতা মোয়াজ।

তিনি বলেন, আগের দুই দিন মঙ্গল ও বুধবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াত। ওই হরতালের সঙ্গে নোয়াখালীতে পরদিনও হরতাল হবে।

এর আগেও যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হলে দলটির ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসাবে সে সময় পুলিশসহ নিহত হয় ৭০ জনেরও বেশি মানুষ।