২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল অ্যাপ নির্মাতাদের পুরস্কার দেবে সরকার

মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

তাদের হাতে তুলে দেওয়া হবে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক।

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

দেশের মোবাইল অ্যাপ্লিকেশন শিল্প বিস্তারে নির্মাতাদের পুরস্কৃত করা হচ্ছে  জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশসেরা উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন ও গেইম বাছাই ও প্রসারে আগামী ১৮ এপ্রিল জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে সর্বমোট ১০ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক।

এতে এক হাজার ডেভেলপার অংশ নেবে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

পুরস্কারের জন্য জমাকৃত প্রকল্পগুলো দেশ সেরা মোবাইল অ্যাপ্লিকেশন বিশেষজ্ঞরা মূল্যয়ন করেছেন এবং এখান থেকে সর্বমোট আট জন বিজয়ীকে ও রানার্সআপকে পুরস্কৃত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজয়ীরা তাদের প্রকল্পগুলো প্রচার ও প্রসারে সহায়তা পাবেন। যে আটটি বিষয়ে পুরস্কার দেওয়া হবে সেগুলো হলো- ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ; সরকার ও জনসাধারণের অংশীদারিত্ব; শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্টাইল ও বিনোদন বিষয়ক প্রকল্প; পর্যটন ও সাংস্কৃতি; মিডিয়া ও সংবাদ; পরিবেশ ও স্বাস্থ্য; অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প।

অ্যাওয়ার্ড অনুষ্ঠাননে মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ে ডেভেলপার কনফারেন্স হবে, যেখানে দেশের মোবাইল অ্যাপ ডেভেলপার বা ইন্ডাস্ট্রির যে কেউ রেডিজস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে: http://www.nationalappsbd.com/awardregistration

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সর্ব সাধারণের উপযোগী ও সহজ করার জন্য এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মানের মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এই উদ্যোগের লক্ষ্য বলে জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।