২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০০০ সালের আগের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ২০০০ সালের আগের মামলাগুলো আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শনিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জুডিশিয়াল কনফারেন্সে জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল হুদা এ উদ্যোগের কথা জানান।

কনফারেন্সের বিষয়ে চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম জেলা আদালতে বিচারাধীন মামলার বিদ্যমান সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

সভায় মুহাম্মদ নুরুল হুদা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। যেসব মামলা ২০০০ সালের আগে দায়ের করা মামলা পরবর্তী ছয় মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা জজ মুহাম্মদ নুরুল হুদা বলেন, আগে সমন জারিতে দেরি হতো। এখন দ্রুত সমন জারি করা হচ্ছে। গত তিন মাসে ১১ হাজার সমন জারি করা হয়েছে।

“স্তূপ হওয়া মামলার তালিকায় ১৯৬০ সালের মামলাও আছে। ১৯৭১ সালের আপিলও অনিস্পন্ন আছে। প্রতি বছর মামলার স্তূপ জমতে থাকায় এখন বিচারধীন ‍মামলার সংখ্যা এক লাখ আট হাজার।”

জুডিশিয়াল কনফারেন্সে র‌্যাব, মুখ্য মহানগর হাকিম আদালত, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।