কামারুজ্জামানের সঙ্গে কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ
রিভিউ আবেদনের শুনানির আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে ফাঁসির আসামি মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার আইনজীবীরা।
আইনজীবী শিশির মনির, এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন শনিবার সকাল বেলা ১১টা ৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সঙ্গে আধা ঘণ্টা কথা বলার পর বেরিয়ে আসেন তারা।
এরপর শিশির মনির কারাফটকে সাংবাদিকদের বলেন,“আমরা আধা ঘণ্টা ধরে বিভিন্ন আইনি বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি শারীরিকভাবে সুস্থ-স্বাভাবিক আছেন। মানসিকভাবে দৃঢ় মনোবল সম্পন্ন আছেন।”
রিভিউ আবেদনের রায় তার পক্ষে আসবে বলেও আশা করছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর এই নেতা।
রিভিউ আবেদন নিষ্পত্তির পর কামারুজ্জামানের সঙ্গে ফের দেখা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানান তার আইনজীবী শিশির মনির।
তিনি বলেন,“নিষ্পত্তির পর উনি আইজীবীদের সঙ্গে পরামর্শ করবেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আমাদের জানাবেন।”
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কি না জানতে চাইলে শিশির বলেন, “উনি (কামারুজ্জামান)বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া বা না চাওয়ার বিষয়টি এখনও আসেনি। আগামীকাল রিভিউ আবেদনের নিষ্পত্তি হবে, এর একটি রায় হবে। রায়টি উনি শুনবেন এবং আইনজীবীদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ করবেন।”
যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রোববার।
রিভিউ আবেদনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের কার্যতালিকার ছয় নম্বরে রাখা হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেয়।
গতবছর ৩ নভেম্বর আপিল বিভাগের এই বেঞ্চই ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখে। এই আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে একাত্তরে ময়মনসিংহের আল বদর নেতা কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজার এই আদেশ দেয় আদালত।
আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করলেও আসামির আইনজীবীরা গত ৫ মার্চ রিভিউ আবেদন করলে সেই পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে যায়।
আসামিপক্ষের সময়ের আবেদনে দুই দফা তারিখ পেছানোর পর রোববার আবারও ওই রিভিউ আবেদন আপিল বিভাগে উঠছে।
আপিল বিভাগের রায়ে একজন বিচারক দণ্ডের বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। তার পয়েন্টগুলো ধরেই এই রিভিউ আবেদন করা হয়েছে বলে কামারুজ্জামানের আরেক আইনজীবী তাজুল ইসলাম এর আগে জানিয়েছিলেন।
রিভিউ খারিজ হয়ে গেলে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন এই যুদ্ধাপরাধী।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের আগে রিভিউয়ের পর্যায়ে এসেছে।
