শেষ হল সংসদের পঞ্চম অধিবেশন
দশম সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়েছে, যা ছিল এই বছরে প্রথম অধিবেশন।
গত ১৯ জানুয়ারি শুরু হওয়া এই অধিবেশনের প্রায় পুরোটাজুড়েই সংসদ সদস্যরা সংসদে না থাকা বিএনপির সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার অধিবেশনে সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিএনপি জোটের নাশকতার নিন্দা জানান।
বছর শুরুর অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। যার ওপর পুরো অধিবেশনজুড়ে আলোচনা হয়।
অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটি ৫ মার্চ পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। তবে পরে এর মেয়াদ বাড়ান স্পিকার।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, আগামী বাজেট অধিবেশনের আগে আরেকটি অধিবেশন আহ্বানের না করতেই পঞ্চম অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়। কারণ দুটি অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি ব্যবধান হতে পারে না।
অধিবেশনে প্রশ্নোত্তর, অনির্ধারিত আলোচনা ও রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অবরোধ-হরতালে নাশকতার জন্য খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন।
অধিবেশনে আওয়ামী লীগের পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও নাশকতা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করে। খালেদা জিয়াকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করারও দাবি জানান দল দুটির সংসদ সদস্যরা।
তবে এসব দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার আগে সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, নাশকতা, সন্ত্রাস, পেট্রোল বোমায় নারী-শিশুসহ খেটে খাওয়া মানুষকে অগ্নিদগ্ধ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ৮৫ দিনের ১৩০ জন মানুষকে হত্যা করা হয়েছে।
“বার্ন ইউনিটে হিয়ে সেই দুর্বিষহ যন্ত্রণা দেখেছি। এই পৈশাচিক সন্ত্রাস-বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রে এর স্থান নেই।”
তবে এই সহিংসতা-সন্ত্রাস রুখে দিতে জনগণের ভূমিকার প্রশংসাও করেন স্পিকার।
দশম সংসদের এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৯টি। এ অধিবেশনে সরকারি বিল আসে ১১টি, যার মধ্যে পাস হয় ৮টি।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এই অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৫২৯টি নোটিস পাওয়া যায়। যার মধ্যে ৩০টি টি গ্রহণ করে ৯টি নিয়ে সংসদে আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ১৩০টি। ৬৮ বিধিতে একটি নোটিস আলোচিত হয়।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ২৯৯টি প্রশ্ন পাওয়া গিয়েছিল এই অধিবেশনে, এর মধ্যে তিনি ১০৭টি প্রশ্নের উত্তর দেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট ৪ হাজার ৭৯৬ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৩ হাজার ৬৭৫টির।
রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা হয়। এতে অংশ নেন ২৩৬ জন সংসদ সদস্য।
