সাভারে বিস্ফোরণে দুই শিশু নিহত
ঢাকার সাভারে একটি বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিরুলিয়ার বোমকা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এএসপি রাসেল শেখ জানিয়েছেন।
নিহতরা হলো, মইস্তাপাড়ার শফিকুল ইসলামের ছেলে হৃদয় (১০) এবং আব্দুলের ছেলে শুভ (১২)। এরা দুজনেই স্থানীয় শ্যামপুর জাহাঙ্গীর খান দারুল মাদ্রাসার শিক্ষার্থী।
বস্তুটি দেখতে গ্রেনেডের মতো বলে স্থানীয়রা জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় বাসিন্দা মো. সাগর বলেন, বিকাল পৌনে ৫টার দিকে বিরুলিয়ার বোমকা গ্রামের একটি মাঠে খেলছিল হৃদয় ও শুভসহ কয়েকজন।
তখন গ্রেনেড সদৃশ একটি বস্তু পেয়ে তা তুলে নিয়ে পকেটে রেখে দেয় শুভ। এ সময় অন্যরাও তার সঙ্গে ছিল।
কিছুক্ষণ পর শুভর পকেটে থাকা বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় হৃদয়।
আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, বিস্ফোরিত বস্তুটি বোমা না কি গ্রেনেড তা নিশ্চিত হওয়া যায়নি। আলামত পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
নিহত দুই শিশুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
