ফেনীতে পিকআপ চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
বুধবার দুপুরে ফেনীর সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আউয়াল অনিক (১১) শহরের বিরিঞ্চি সুফিয়া নুরীয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং মধ্যম সোনাপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
এসময় পিকআপটিকে ধাওয়া করলে সেখান থেকে চালানো গুলিতে কামরুল হাসান নামে এক যুবক আহত হয় বলে স্থানীয়রা জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, দুপুরে ক্লাস শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল অনিক। এ সময় মধ্যম সোনাপুর এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় এলাকাবাসী পিকআপটিকে ধাওয়া করলে চালক গাড়িটি নিয়ে দক্ষিণ সোনাপুর এলাকায় পালিয়ে যায়। এসময় পিকআপের ভেতর থেকে গুলি চালালে কামরুল হাসান (৩০) নামে এক যুবক আহত হয়। আহত কামরুলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কামরুল সদর উপজেলার ফকিরহাট সোনাপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, কামরুলের হাতে গুলি লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে পিকআপ ধাওয়া করার সময় কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান।
