নারায়ণগঞ্জে যুবককে গলাকেটে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহত জালাল আহম্মেদ (৩৫) উপজেলার পাগলা নয়ামাটি এলাকার হোসেন মিয়ার পালিত ছেলে।
শনিবার সকালে ফতুল্লার পাগলা নয়মাটি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে জালালের পালক মা আলীমুন নেছা, তার ছেলে শরিফুল পলাতক রয়েছেন।
পুলিশ বলছে, জালাল মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার পালক মা ও ভাই তাকে হত্যার পর ঘর তালা বন্ধ করে পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, পাগলা নয়ামাটি এলাকার হাবিব খন্দকারের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন জালাল, তার পালিত মা আলীমুন নেছা ও তার ছেলে শরীফুল।
সকালে বাড়ির লোকজন টিউবওয়েলের পাশে পড়ে থাকা ওড়নায় রক্ত এবং বাইরে থেকে ঘর তালা বন্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে জালাল আহম্মেদের গলা কাটা লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে মাদক বিক্রি নিয়ে বিরোধ ও পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
জালালের পালক মা আলীমুন নেছা ও তার ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
